দীর্ঘ সাড়ে পাঁচ মাস দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর ঢাকায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ১১ মার্চ রাজধানীতে একটি ইফতার অনুষ্ঠানে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর ১৫ মার্চ তার অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা শেষে অবশেষে বুধবার রাতে দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
রাজনীতির পাশাপাশি চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা আব্বাস। নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।