ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানিয়েছেন।
এনসিপির এই নেতা জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইনেও মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করা যাবে। পাশাপাশি দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।