রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে বাংলামোটরে দলটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রাত ১০টা ৫৫ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা একটি প্রাইভেটকার থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা আটক করে।’
ঘটনাস্থলে রমনা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।