বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।
তিনি বলেন, গণতন্ত্রবিরোধী একটি মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি ও বাঁধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। বাংলাদেশের জনগণ এটা মানবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো জোর-জবরদস্তি করবেন না। আমরা সাংঘর্ষিক রাজনীতি চাই না। সহনশীল রাজনীতির পথে চলছি। দ্বিমত পোষণ করলেও অন্যের মতকে সম্মান করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা জনগণের কাছে যাবে। কিন্তু গোলটেবিল বৈঠক করে জনগণের ওপর চাপিয়ে দিবেন না, এটা অগণতান্ত্রিক। গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে।
কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার হয়ে কাজ করতে হবে। ভালো মন্দ বিচার করা জনগণের কাজ।