জুলাই গণঅভ্যুত্থানের আহতদের দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাচ্ছেন না। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়াও এদিন তারেক রহমানের বেশ কিছু কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত। এদিন বেলা ১১টায় তিনি ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ইসি থেকে তিনি যাবেন ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবনে। শ্বশুরের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। দীর্ঘ ১৯ বছর পর তিনি বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন। কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।