ভোলা-১ আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর। এ আসনটি জোট শরিক বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি।
সোমবার (১২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জানান ভোলা জেলা প্রশাসক শামীম রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মূলত জোটের ঐক্য বজায় রাখা এবং একক প্রার্থী নিশ্চিত করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আলমগীর তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
জানা যায়, তফসিল ঘোষণার আগে আন্দালিব রহমান পার্থকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও তারেক রহমান দেশে ফেরার পর দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়। তারেক রহমান নিজেই ঢাকা-১৭ আসনের প্রার্থী হন।
এরপর ভোলায় স্থানীয় বিএনপির আন্দোলনের পর শেষ পর্যন্ত পার্থকে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।