আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই জনসভা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চিনিকল মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আমির নিজে এসে এই জনসভা উদ্বোধন করবেন। মানুষের মধ্যে যে পরিবর্তন ও জাগরণের ঢেউ তৈরি হয়েছে, তা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে। শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা পুরনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে থাকে না, তাদের আর গ্রহণ করবে না জনগণ।’
সারজিস বলেন, ‘কৃষক, শ্রমিক ও মজুরসহ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায়, সবাই পরিবর্তনের পক্ষে। মানুষের বিবেকের ভেতরে এখন এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। মানুষ এবার দল, মার্কা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং কে সবসময় মানুষের পাশে থাকে, কে অন্তত ক্ষতি করেনি, সেই বিবেচনায় ভোট দেবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির সফিউল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব।