তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
শরীফুল আলম বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যাওয়ার পথে ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে যান। পরে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ বোধ করলে তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয়। এছাড়া বমিও করতে শুরু করেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক বাহার উদ্দিন ভূঁইয়া জানান, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।