৮ ফেব্রুয়ারির ঢাকায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা বিএনপিতে ও ছাত্রদলে যোগ দেন।
তাদের যোগদান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।’
এদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সংগঠনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে খুব শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে।