নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
দিনের শুরুতে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওনা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।
এদিকে জনসভাকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বড় মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। জনসভা উপলক্ষে সকাল থেকে আসা নেতাকর্মীদের যানবাহন রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা আজকের জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।