দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দায়ের করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ রিট করা হয়।
রিটে শামীম আহমেদ বলেন, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ দেশ ডোমেনিকার নাগরিক। তিনি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম ডোমেনিকার নাগরিকত্ব নেন। তিনি নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
ঢাকা-১১ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।