সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর কয়েক মিনিট আগে রাত ১০টা ৪২ মিনিটে দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।’
পাটওয়ারীর স্ট্যাটাসটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, ‘সবাই ঢাকা -৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।’
এর আগে ৩৫ ভোটকেন্দ্রের ফলাফল আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, ‘এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি। রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে।’
এ ছাড়া রাত ৮টার দিকে ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী তার আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, ছয়টি কেন্দ্রে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শাহিন আহমেদ বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তার লোকজন।
তিনি আরও বলেন, ‘মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে আমরা ফলের কাগজও হাতে পেয়েছি। এখন এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না। জিম্মি করে রেখেছেন। আর পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে। কিন্তু এর ফল প্রকাশ করতে বাধা দিচ্ছে বিএনপির লোকজন।’
এদিকে ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১০৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ২৬ হাজার ১৬০ ভোট পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ২২ হাজার ৭৭৬ ভোট।
ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৭৯৫ ও নারী ভোটার এক লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।