মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিজ্ঞানী ড. এম রেজাউল হক যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নাসায় দায়িত্ব পালনের আগে তিনি কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি নাসায় যোগ দেন। কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।
ড. রেজাউল হকের পারিবারিক পরিচয় অনুযায়ী, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া এলাকায় তার বাড়ি। তিনি ছিলেন নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুন।
তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।