সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান শুক্রবার (২৯ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভর বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। তিনিও সৌদি প্রবাসী।
রায়হান জানান, বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি রাজ শুভ। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে শুভর মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।