জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (১৭ জুন) তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এর আওতায় কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়া যাবে, শর্তসাপেক্ষে এ দেশে থেকে কাজও করা যাবে, কর্মস্থল পরিবর্তনও করা যাবে।’
আরও বলা হয়েছে, ‘কোনো কোনো ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। ভ্রমণ ভিসায় এ দেশে এসেছেন—এমন কেউ ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন।’
তবে এসব সুবিধা কীভাবে ও কোন শর্তে পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস। সেই সঙ্গে সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যেকোনো সুবিধা গ্রহণ করার জন্য দূতাবাসের সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।