মালয়েশিয়ায় অভিযান চালিয়ে মোট ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে ১১৮ জনই বাংলাদেশের। কুয়ালালামপুরের পুদু মার্কেটের কাছে একটি ভবনে শনিবার (২০ জুন) মধ্যরাতে চালানো অভিযানে তারা ধরা পড়েন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৩২০ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয় এবং এর মধ্যে ১৮৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩ অনুযায়ী বিভিন্ন অপরাধের সন্দেহে আটক করা হয়। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা ও বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকার অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে হারিয়ান মেট্রো।
আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক—মোট ১১৮ জন পুরুষ। এরপর রয়েছেন ২৮ জন ইন্দোনেশীয়, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ জন নারী। এ ছাড়া আটককৃত ব্যক্তিদের মধ্যে আছেন ২৬ জন মিয়ানমারের নাগরিক (১৩ জন পুরুষ ও ১৩ জন নারী), পাঁচজন ভিয়েতনামী (তিনজন পুরুষ ও দুজন নারী), চারজন নেপালি, দুজন ভারতীয়, দুজন চীনা নাগরিক ও একজন পাকিস্তানি।
অভিযানটি স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে শুরু হয় এবং এতে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, কুয়ালালামপুর সিটি হল ও জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে