ইয়ুথ হাব মালয়েশিয়ার উদ্যোগে বিশ্ব বাবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (২১ জুন) কুয়ালালামপুরে সংস্থাটির মালয়েশিয়া কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল—নিঃশর্ত ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও প্রেরণার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এ উপলক্ষে কেক কাটা, বিশেষ দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
ইয়ুথ হাব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. জার্জিস ইসলামের সঞ্চালনায় এবং ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার।
অনুষ্ঠানে ইয়ুথ হাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সিনিয়র লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. মোহাম্মদ আলী তারেক, ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিক্যাল লেকচারার ও বোর্ড অব ডিরেক্টর ড. তানিয়া ইসলাম, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরী এবং ইয়ুথ হাব বাংলাদেশের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নিয়ান সাহা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ হাবের শুভাকাঙ্ক্ষী ও ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, শুভাকাঙ্ক্ষী হাবিবা আক্তার পাপিয়াসহ ইয়ুথ হাবের এসডিজি এজেন্ট ও সদস্যরা। মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, বাবার ভালোবাসা অনেক সময় প্রকাশ্যে দৃশ্যমান না হলেও পরিবার ও সমাজ গঠনে তাঁর অবদান অপরিসীম। দায়িত্ব, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে একজন বাবা পরিবারের ভিত্তি মজবুত করেন। তাই তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সংস্কৃতি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বিশ্ব বাবা দিবস পালিত হয়। বাবাদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি জানাতেই বিংশ শতাব্দীর শুরু থেকে এ দিবস পালনের প্রচলন শুরু হয়।
ইয়ুথ হাব বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন ও যুব ক্ষমতায়ন নিয়ে কাজ করছে সংস্থাটি। একই সঙ্গে এসডিজি-৩, ৪, ৫, ৮, ৯, ১৩ ও ১৭ বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সুনাম অর্জন করেছে। মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্সের সদস্য হিসেবে দেশটিতে এসডিজি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইয়ুথ হাব।