সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। খবরটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া চারজন হজযাত্রীই পুরুষ। এদের মধ্যে চারজনই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারা হলেন- মো. সেরাজুল হক ও মো. খলিলুর রহমান, মো. নইম উদ্দীন মন্ডল ও মো. আবুল কাশেম।
বুলেটিন অনুযায়ী, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ হাজার ৭৪৮ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন যাত্রী বহন করেছে।
এছাড়া সৌদি আরবে হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সময়ে হজ আইটি হেল্পডেস্ক থেকে মোট ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।