পবিত্র হজের দ্বিতীয় দিনে বিশ্বের নানা দেশ থেকে আগত লাখো মুসল্লি সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হন। এদিন অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে প্রদান করা হয় হজের খুতবা।
খুতবা শেষে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরাতে জামাতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। সুন্নাহ অনুযায়ী এক আজান ও পৃথক দুই ইকামতের মাধ্যমে জোহর এবং আসরের নামাজ অনুষ্ঠিত হয়। যারা মসজিদে নামিরায় উপস্থিত হতে পারেননি, তারা নিজ নিজ তাবুতেও জামাতের সঙ্গে নামাজ আদায় করেন।
জোহরের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নামাজ অনুষ্ঠিত হয়। হাজিরা জোহর ও আসরের নামাজ কসর হিসেবে দুই রাকাত করে ধারাবাহিকভাবে আদায় করেন।
নামাজ শেষে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন মুসল্লিরা। এসময় তারা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দোয়া ও ইস্তিগফারে গভীরভাবে নিমগ্ন হন।