সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অন্যদিকে সৌদি আরবে হজের শেষ আনুষ্ঠানিকতা হিসেবে এদিন হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের (রামি) রীতি পালন করে।
হযরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশ পালনে বাধা দিতে শয়তানের প্ররোচনার বিরুদ্ধে তিনটি স্থানে পাথর নিক্ষেপ করেছিলেন। সেই ঘটনার স্মরণে হাজিরা এদিন মিনার উপত্যকায় অবস্থিত তিনটি কংক্রিট স্তম্ভে পাথর নিক্ষেপ করেন, যা প্রতীকীভাবে শয়তানকে লক্ষ্য করে করা হয়। এর মাধ্যমেই ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন হাজিরা।
সৌদি আরবের হিসাবে এ বছর ১৭ লাখ সাত হাজার ৩০১ জন হাজি হজ পালন করেছে। এদের মধ্যে আট লাখ ৯৩ হাজার ৩৯৬ জন পুরুষ ও আট লাখ ১৩ হাজার ৯০৫ জন নারী।
সৌদি আরবের পাশাপাশি, কাতার, কুয়েত, আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশেও।