বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়ালের বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করেছে সৌদি আরব। ভাউচারের অর্থ ওমরাহ ভিসার মোট ফির সঙ্গে সরাসরি যুক্ত করা হবে।
নতুন এ নিয়ম রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে পাকিস্তান, ভারত, মিসর ও বাংলাদেশের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে কার্যকর হবে। নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, যাতায়াত, খাবারসহ অন্যান্য সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে।
এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীকে ভিসার সঙ্গে সংযুক্ত একটি স্বতন্ত্র কোড দেওয়া হবে। অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার নিতে এ কোড ব্যবহার করা যাবে।
প্রতিবেদন অনুযায়ী, এ উদ্যোগের লক্ষ্য ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি অনিবন্ধিত সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিরুৎসাহিত করা ও ওমরাহযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করাও এ উদ্যোগের উদ্দেশ্য।
নতুন এ নীতির কারণে ওমরাহ প্যাকেজের সামগ্রিক খরচ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বিভিন্ন দেশের ট্রাভেল এজেন্টরা তাদের ওমরাহ প্যাকেজ ও মূল্য নতুন করে পর্যালোচনা করছেন।
তথ্যসূত্র: দ্য নিউজ পাকিস্তান