বাংলাদেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকে দেশে রোজা শুরু হচ্ছে।
জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাইত এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
এদিকে বুধবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং দিবাগত ভোর রাত থেকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। বায়তুল মোকাররমে রাত ৮টায় শুরু হবে তারাবির নামাজ।
দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার থেকেই রোজা রাখছেন মুসলমানরা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে মঙ্গলবারই চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশগুলোতে রোজা শুরু হয়েছে।
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। কারণ এই মাসেই রমজানের শেষ দশ রাতের এক রাত, লাইলাতুল কদরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এ ছাড়া রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য এটি ফরজ হিসেবে বিবেচিত। সাধারণত শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী এবং গর্ভবতী, দুগ্ধদানকারী বা ঋতুমতী নারীরা রোজা থেকে অব্যাহতি পেয়ে থাকেন।
রমজান শুরুর সময় নির্ধারণের জন্য চাঁদ দেখার প্রথা দীর্ঘদিনের ঐতিহ্য। একইভাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি উৎসবের তারিখ নির্ধারণেও এই প্রথা ব্যবহৃত হয়। চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। ২০২৬ সালের ক্ষেত্রে দুবাইয়ের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে।
রমজান মাসে বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সরকারি ও বেসরকারি—উভয় খাতেই অফিস সময়সূচি ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায়ই কমিয়ে আনা হয়। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়।