কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া—এমন খবরে প্রযুক্তিবিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মার্কিন প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, এনভিডিয়া নিজেদের তৈরি চিপ ব্যবহার করে নতুন প্রজন্মের উইন্ডোজভিত্তিক ব্যক্তিগত কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো সরাসরি পিসি বাজারে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্মেলনে এনভিডিয়া তাদের নতুন পিসি মডেল প্রদর্শন করতে পারে। এর একটি তাইওয়ানের কম্পিউটেক্স ট্রেড শো এবং অন্যটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য মাইক্রোসফটের প্রযুক্তি সম্মেলন।
অ্যাক্সিওস আরও জানিয়েছে, এনভিডিয়া সরাসরি নিজস্ব ব্র্যান্ডে পিসি বাজারে আনার পাশাপাশি মাইক্রোসফটের সারফেস সিরিজ কিংবা ডেলের মতো কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বেও নতুন ডিভাইস বাজারজাত করতে পারে। একই সঙ্গে উইন্ডোজ কম্পিউটারে এআই প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও কার্যকর করতে মাইক্রোসফট নতুন সফটওয়্যার সুবিধা চালু করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে অধিকাংশ এআই সেবা ক্লাউডভিত্তিক অবকাঠামোর ওপর নির্ভরশীল। তবে এনভিডিয়ার চিপসংবলিত নতুন উইন্ডোজ পিসির মাধ্যমে এ ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগাতে মাইক্রোসফটও তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নতুন নতুন সুবিধা যুক্ত করছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার সম্ভাব্য এআই পিসি বাজারে এলে তা অ্যাপলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সম্প্রতি অ্যাপল নিজেদের এম৫ সিরিজের চিপ ব্যবহার করে উন্নতমানের ম্যাকবুক বাজারে এনেছে। ফলে এআই-নির্ভর উইন্ডোজ পিসির মাধ্যমে এনভিডিয়া ও মাইক্রোসফটের জোট অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করা হচ্ছে।