আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যবসায়িক পরিধি আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে দেশের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘টিপসই’। ইনোভেস টেকনোলজিসের তৈরি এই প্ল্যাটফর্মটি তাদের লোগোসহ পুরো ব্র্যান্ড ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে, যা বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্ববাজারে দেশীয় এই প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার কৌশলগত অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলীর হাত ধরে যাত্রা শুরু করেছিল ‘টিপসই’। বর্তমানে প্ল্যাটফর্মটি ১০ হাজারেরও বেশি সক্রিয় ডিভাইসের মাধ্যমে এক হাজার ২০০-এর বেশি প্রতিষ্ঠান ও দুই লাখ ৩৮ হাজারের বেশি ব্যবহারকারীকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
শুধু বাংলাদেশেই নয়, এর প্রযুক্তি এখন বিশ্বজুড়ে সমাদৃত। বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের মোট ১১টি দেশের বিমানবন্দর, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিওতে টিপসইয়ের সফটওয়্যার ও উন্নত বায়োমেট্রিক প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
টিপসই কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে প্রায় তিন গুণ। এই অভাবনীয় সাফল্যের পর বৈশ্বিক বাজারে নিজেদের আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের হিসেবে উপস্থাপন করতেই তারা ব্র্যান্ড পরিচিতি বদলের এই বড় সিদ্ধান্ত নিয়েছে।
টিপসই-এর বিপণন বিভাগের প্রধান অর্ণব সিকদার এই রূপান্তর প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং একই সাথে প্ল্যাটফর্মের পরিধিও বড় হয়েছে। নতুন এই ব্র্যান্ড পরিচিতি আমাদের সেই অগ্রযাত্রার পরিবর্তনকেই তুলে ধরছে। নতুন নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা এবং বাংলাদেশে তৈরি এই বিশ্বমানের প্রযুক্তিকে বৈশ্বিক পরিসরে এক নামে পরিচিত করানোই এখন আমাদের মূল লক্ষ্য।’
টিপসই-এর এই আন্তর্জাতিক সম্প্রসারণ ও প্রযুক্তিগত উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাক্সিলারেটিং এশিয়া’ ও ‘অরবিট ভেঞ্চারস’। দেশীয় এই স্টার্টআপের পেছনে তাদের এই কৌশলগত বিনিয়োগ ও সমর্থন বিশ্ববাজারে টিপসই-এর অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
টিপসই জানায়, আগামী কয়েক মাসের মধ্যে তাদের মূল সফটওয়্যার প্ল্যাটফর্ম, বায়োমেট্রিক ও প্রবেশ নিয়ন্ত্রণ (অ্যাক্সেস কন্ট্রোল) ডিভাইস, অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গ্রাহক যোগাযোগমাধ্যম জুড়ে ধাপে ধাপে এই নতুন ব্র্যান্ড পরিচিতি ও লোগো পুরোপুরি চালু করা হবে।