চ্যাটজিপিটির সর্বশেষ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল সিরিজ বৃহস্পতিবার (৯ জুলাই) সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে নির্মাতা ওপেনএআই। যুক্তরাষ্ট্র সরকারও আরও বিস্তৃতভাবে এটির উন্মোচনের অনুমোদন দিয়েছে।
প্রতিষ্ঠানটির নতুন জিপিটি-৫.৬ ও অন্যান্য অত্যাধুনিক এআই মডেল সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার শক্তিশালী সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে, যার মধ্যে অ্যানথ্রপিকের মিথোস সিরিজও রয়েছে। কোডের এসব দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা সাইবার হামলা চালাতে পারে।
ওপেনএআই জুনের শেষ দিকে জানায়, ওয়াশিংটনের অনুরোধে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক অংশীদারের জন্য জিপিটি-৫.৬-এর প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
জিপিটি-৫.৬ সিরিজে তিনটি নতুন মডেল রয়েছে। ‘সল’ প্রতিষ্ঠানটির নতুন প্রধান বা ফ্ল্যাগশিপ মডেল। ‘টেরা’ দৈনন্দিন কাজের জন্য মধ্যম মানের মডেল। আর ‘লুনা’ দ্রুতগতির ও কম খরচের একটি মডেল।
ওপেনএআই মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘জিপিটি-৫.৬ সল, টেরা ও লুনা আগামী বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত হবে। একই সঙ্গে আমরা এখন বিশ্বব্যাপী প্রিভিউ অ্যাক্সেস সম্প্রসারণ করছি।’
তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার পরিস্থিতির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে জানায়, কোম্পানির সঙ্গে সরকারি কর্মকর্তাদের পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর ট্রাম্প প্রশাসন জিপিটি-৫.৬-এর ব্যাপক উন্মোচনের জন্য ওপেনএআইকে সবুজ সংকেত দিয়েছে। অ্যাক্সিওসের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে ওপেনএআই, হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।
গত সপ্তাহে ওপেনএআইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও একই ধরনের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র সরকার তাদের সবচেয়ে শক্তিশালী ফেবল ৫ ও মিথোস ৫ মডেল কোথায় উন্মুক্ত করা যাবে, সে বিষয়ে আরোপিত বিধি-নিষেধ তুলে নেওয়ার পর সেগুলোর বৈশ্বিক প্রবেশাধিকার ধীরে ধীরে পুনর্বহাল করা হবে।