ফেসবুকে প্রবেশে সমস্যায় পড়েছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। রোববার (১৯ জুলাই) অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে লগইন করতে না পারার অভিযোগ জানিয়েছেন।
ফেসবুকে লগইনের চেষ্টা করলে ব্যবহারকারীদের সামনে ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখানো হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ‘সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে অ্যাভেইলেবল নয়। আমরা আশা করছি, সমস্যাটি দ্রুত সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’
এদিকে, আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। ওয়েবসাইটটির স্ট্যাটাস পেজে বলা হয়েছে, ‘ব্যবহারকারীদের রিপোর্টে ফেসবুকে সমস্যা দেখা যাচ্ছে।’
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট নিয়ে, ৩২ শতাংশ। এরপর ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যা এবং ২২ শতাংশ ফিড বা টাইমলাইন নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। সমস্যার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও পোস্ট করেছেন অনেকে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করেছে ইয়র্কশায়ার লাইভ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।