গুগলের ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে ‘জেমিনি এআই প্রো’ ব্যবহারের সুযোগ চালু হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা পাবেন ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। বিশ্বজুড়ে শুক্রবার (২১ আগস্ট) থেকে এ সুবিধা চালু করেছে গুগল।
গুগলের তথ্য অনুযায়ী, এই অফারের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ১২ মাস বিনামূল্যে জেমিনির প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। সাধারণ ব্যবহারকারীদের তুলনায় তারা বেশি ব্যবহারের সীমাও পাবেন। এর পাশাপাশি থাকবে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। জেমিনি এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাবেন শিক্ষার্থীরা।
বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ অফারের আওতাভুক্ত। তবে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন—এমন প্রমাণ দেখাতে হবে। যাচাইয়ের জন্য বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র অথবা সর্বশেষ সেমিস্টারের টিউশন ফি পরিশোধের রসিদ ব্যবহার করা যাবে।
অফারটি পেতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে গুগল ওয়ানের স্টুডেন্ট অফার পেজে যেতে হবে। সেখানে ‘গেট স্টুডেন্ট অফার’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ বেছে নিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় ও ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী পরিচয়পত্র অথবা সাম্প্রতিক টিউশন ফি পরিশোধের রসিদ আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর গুগল প্রদত্ত তথ্য যাচাই করে অফারটি সক্রিয় করবে। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত একটি পেমেন্ট কার্ড যোগ করার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনের জন্য সক্রিয় ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা বৈধ ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করা যেতে পারে।
প্রচারমূলক এক বছরের মেয়াদে সাধারণত কোনো অর্থ কাটা হবে না। তবে মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সাবস্ক্রিপশন নবায়ন ও অর্থ কর্তনের শর্তগুলো আগে থেকেই দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জেমিনি এআই প্রোতে থাকা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। কোডিং, ডেটা বিশ্লেষণ, জটিল গাণিতিক সমস্যা সমাধান এবং কঠিন বিষয় সহজভাবে ব্যাখ্যা করার পাশাপাশি অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা ও কুইজের খসড়া তৈরিতেও এটি ব্যবহার করা যাবে।
ফলে বিনামূল্যের এই এক বছরের অফার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও একাডেমিক কাজের জন্য উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।