বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তথ্য ও প্রযুক্তি বিষয়ক উদ্যোগের অংশ হিসেবে ‘ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম’-এর নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
প্রযুক্তি, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি ও তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই ফোরাম কাজ করবে। ফোরামের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত একটি সুসংগঠিত কাঠামো ও কর্মপরিকল্পনা প্রণয়ন করে জাতীয় পর্যায়ে প্রযুক্তিনীতি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম শুরু করা হবে। ফোরামের আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে জেলা ও বিভাগভিত্তিক কমিটি গঠন, জাতীয় আইসিটি নীতি নিয়ে হোয়াইট পেপার প্রস্তুত, তরুণ প্রজন্মের জন্য ‘ডিজিটাল স্কিল বুটক্যাম্প’, সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন, প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।
প্রধান উপদেষ্টা হিসেবে এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের প্রযুক্তি খাত এখন একটি রূপান্তরমূলক সময়ে দাঁড়িয়ে। ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নীতি, গবেষণা ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি টেকসই ডিজিটাল রোডম্যাপ তৈরি করবে।’
উপদেষ্টা ফয়সাল আলিম বলেন, ‘জাতীয় উন্নয়নের সঙ্গে প্রযুক্তিকে কার্যকরভাবে যুক্ত করতে হলে গবেষণা ও নীতিনির্ধারণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা জরুরি। ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম সেই জায়গা থেকেই কাজ করবে।’
ফোরামের সভাপতি এবং বেসিসের সাবেক চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েট প্রকৌশলী রাফেল কবির নাগরিক প্রতিদিনকে বলেন, ‘আমরা এমন একটি পেশাদার, ব্যবসায়ী ও উদ্যোক্তাভিত্তিক ফোরাম গড়ে তুলছি, যারা কেবল জাতীয়তাবাদে বিশ্বাসীই নয়, বরং দেশকে এগিয়ে নিতে নীতিগতভাবে সরকারকে সঠিক পথে রাখার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করবে। এই লক্ষ্য সামনে রেখেই বর্তমানে একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগোচ্ছে। সেখানে সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা হবে স্পষ্ট ও স্বচ্ছ। খুব শিগগিরই সেটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রযুক্তি খাতের নীতিনির্ধারণে আমরা প্রভাব রাখব এবং খাতসংশ্লিষ্টদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজন হলে রাজপথেও সোচ্চার হব।’

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা ড. মারুফ মালিক, প্রকৌশলী শাহ জে মিয়া, ফয়সাল আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর নীতি প্রণয়ন ও সংগঠন সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখবেন। নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে স্থায়ী সাংগঠনিক কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, ‘ডিজিটাল দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা সচেতনতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন ও উদীয়মান প্রযুক্তি নিয়ে নিয়মিত কর্মশালা, সেমিনার ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।’
সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ইপন বলেন, ‘দেশব্যাপী প্রযুক্তিভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কর্মী ও তরুণদের সম্পৃক্ত করার ওপর আমরা বিশেষ গুরুত্ব দেব।’
প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি ছাড়াও রূপম রাকিব, মো. সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জাকে সহ-সভাপতি করা হয়েছে। রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদকের পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া। পাশপাশি ফেরদৌস আলম ইপনকে সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন আহমেদ সৈকতকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রকৌশলী মো. জুয়েলকে দপ্তর সম্পাদক, নিশাত আনজুমকে গবেষণা সম্পাদক এবং নাউয়িদ হোসেনকে অর্থ সম্পাদক করা হয়েছে।
ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম বিশ্বাস করে, একটি শক্তিশালী, স্বচ্ছ ও উদ্ভাবনমুখী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি পেশাজীবী ও তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
ফোরামের অন্যান্য পদে রয়েছেন সাইমুম রেজা তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), নাজিবা ওয়াজিহা মাহবুব (নারী বিষয়ক সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), জুবায়ের রিয়েল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইলিয়াস মোস্তফা (আইটি ও টেকনোলজি সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) ও মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক)। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে একাধিক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

