জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার প্রিয় জন্মভূমিতে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা ১৯ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান তিনি। দীর্ঘ ১৮ বছর পর নির্বাসন শেষে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন তারেক রহমান।
পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’
প্রথমে সিলেটে অবতরণের পর এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ অভিমুখে রওনা হয়েছেন তারেক রহমান।
লাল ও সবুজ রঙের বাসটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। বাসটির দুপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বিশেষ নিরাপত্তা কাঁচে আবৃত জানালাগুলো।
ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। এর পরে তারেক রহমান মায়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।