ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা পেতে দীর্ঘ ভোগান্তির সম্মুখীন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক চীনা ব্যবসায়ীর পোস্ট ভাইরাল হয়েছে। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের মালিক চার্লি তিয়ান সম্প্রতি তার লিংকডইন প্রোফাইলে এই ক্ষোভ প্রকাশ করেন।
চার্লি তিয়ান শনিবার (২৪ জানুয়ারি) তার পোস্টে জানান, চীনের গুয়াংজু থেকে ঢাকায় পৌঁছাতে বিমানে সময় লাগে মাত্র চার ঘণ্টা। কিন্তু বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসার প্রক্রিয়া শেষ করতে আরও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।
তিন বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, বিমানবন্দরের এই প্রক্রিয়া ‘চরম সময়সাপেক্ষ ও অদক্ষ’, যার ফলে চীন থেকে আসা পর্যটক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা শুরুতেই চরম ক্লান্তিতে পড়ছেন।
এ ছাড়া তিয়ান প্রশ্ন তোলেন, একটি দেশ যদি বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণে আগ্রহী হয়, তবে প্রবেশপথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে থাকবে।
পোস্টটির সঙ্গে তিনি ঢাকার বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার ও ইমিগ্রেশন পুলিশের একটি ছবিও যুক্ত করেন। তার এ পোস্টে ইতিমধ্যে দেড় হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া দুই শতাধিক কমেন্ট ও ৮০ বারেরও বেশি রিপোস্ট করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিয়ানের এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করে বিমানবন্দরের সেবার মান দ্রুত আধুনিকায়নের দাবি জানিয়েছেন।
এদিকে তিয়ানের পোস্টে কমেন্ট করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি লিখেছেন, ‘শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার অভিজ্ঞতার কথা শুনে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার সঙ্গে আমরা একমত—এ ধরনের অভিজ্ঞতা বিনিয়োগকারীদের জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত প্রথম অভিজ্ঞতা নয়। এক বছর ধরে বিদেশি বিনিয়োগকারী ও কর্মীদের ভিসা প্রক্রিয়া উন্নত করতে বিডা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে এখনো এ ক্ষেত্রে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে। আপনার অভিজ্ঞতা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা শিগগিরই আপনার সঙ্গে যোগাযোগ করব এবং ভবিষ্যৎ ভ্রমণকারীদের জন্য কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব।’