ঢাকার গুলশানে কনকর্ড গ্রুপের নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে আশফাক চৌধুরী পিপলু নামক এক যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
তিনি তার ফেসবুক পোস্টে এ ধরনের অনিরাপদ নির্মাণ ব্যবস্থাপনার জন্য দায়ী প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করায় প্রশ্ন তোলেন এবং মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জুলকারনাইন সায়েরের পোস্টে দায়ীদের নাম প্রকাশ, অনিরাপদ ব্যবস্থাপনা, বিচারহীনতার সংস্কৃতি এবং শহরবাসীর নিরাপত্তাহীনতার বিষয়গুলো উঠে এসেছে।
নাগরিক প্রতিদিন-এর পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-‘‘রাজধানী ঢাকার, গুলশান ১-এ, কনকর্ড রিয়েল এস্টেটের একটি সুউচ্চ নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়া লোহার রড মাথায় ঢুকে প্রাণ হারানো 'আশফাক চৌধুরি পিপলু' এর মৃত্যুর ঘটনায় তার শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার নিজে বাদি হয়ে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, প্রজেক্ট ইনচার্জ আল আমিনসহ অজ্ঞাত ১০/১২ জন ব্যক্তির নামে, দণ্ডবিধির ৩০৪ক ধারা অনুযায়ী অবহেলাজনিত কারণে মৃত্যুর অপরাধে মামলা দায়ের করেছেন।
আশা করছি যে, সকল গণমাধ্যম আশফাক চৌধুরি পিপলু'র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কনকর্ড রিয়েল স্টেটের নাম উহ্য রেখে কেবল 'নির্মানাধীন সুউচ্চ ভবন' লিখে প্রতিবেদন করেছেন, তারা এবার সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করবেন, যাতে পিপলুর পরিবার ন্যায়বিচারটি পেতে পারেন।’’