বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে।
দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবার দেখা যেতে পারে; এমন আশাও এখন জোরালো। সরকার, বোর্ড এবং সাকিব; তিন পক্ষই প্রস্তুত। আলোচনার মূল বিষয় ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। সেই জট খুলতেই সরকার ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে।
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগ থেকেই জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেন কোনো ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে তিনি সচেতন থাকবেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান বা মাশরাফি মুর্তজার মতো ক্রিকেটারদের দেশে এবং মাঠে ফেরাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
বিসিবির এই উদ্যোগকে ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবের নামে থাকা মামলাগুলো নিষ্পত্তির বিষয়টি সরকার দেখবে। একই সঙ্গে তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজনে সাকিবকে ফেরানোর জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক চাহিদার কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এর ধারাবাহিকতায় এবার মামলার নথি জমা দেওয়া হয়েছে।
আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, এমনটাই আশা ক্রিকেটাঙ্গনের।