এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এ শেষ আটে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে আজ সোমবার দুপুর তিনটায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও উজবেকিস্তান। পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ই শুধু নয়, বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে দুই দলকে।
গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ ও উজবেকিস্তান। ফলে পয়েন্ট তালিকায় এখনো কোনো পয়েন্ট নেই দুই দলেরই। তবু শেষ ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ, কারণ জয় পেলে সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে।
এবারের আসরে তিনটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি তিন গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দলও জায়গা করে নেবে শেষ আটে। সেই সমীকরণে টিকে থাকতে হলে প্রথমে গ্রুপে তৃতীয় স্থানে ওঠাই জরুরি। বর্তমানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দুই ম্যাচে সাত গোল হজম করেছে দলটি। অন্যদিকে উজবেকিস্তানও সমান দুটি ম্যাচ হেরেছে এবং তাদের জালে বল ঢুকেছে তিনবার।
তবে বাংলাদেশের নজর ছিল ‘এ’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। ৮ মার্চ সেখানে মুখোমুখি হয়েছিল ফিলিপাইন ও ইরান। ওই ম্যাচে ইরান জিতলে বা ড্র করলে বাংলাদেশের জন্য সমীকরণ কিছুটা সহজ হতে পারত। কিন্তু ফিলিপাইন ২-০ গোলে জিতে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। এই মুহূর্তে ফিলিপাইনের গোল ব্যবধান মাইনাস ২, আর বাংলাদেশের মাইনাস ৭। ফলে শেষ আটে উঠতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানের বিপক্ষে অন্তত পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে। এ ক্ষেত্রে গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করার কারণে এগিয়ে যাবে বাংলাদেশ।
প্রায় একই রকম সমীকরণ সামনে রেখে মাঠে নামবে উজবেকিস্তানও। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে তাদেরও বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই। হিসাব অনুযায়ী পরের রাউন্ডে যেতে হলে অন্তত চার গোল করতে হবে উজবেকদের।