‘দলের চেয়ে নিজের ব্যক্তিগত অর্জনের দিকেই বেশি মনোযোগ মেহেদী হাসান মিরাজের’—এ ধরনের অভিযোগ দেশে ক্রিকেটভক্তদের মধ্যে পুরনো। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন সরাসরি মিরাজের দিকে ছুঁড়ে দেওয়া হলেও, তিনি স্পষ্টভাবে তা উড়িয়ে দিয়েছেন। তার দাবি- নিজের রেকর্ডের জন্য নয়, বরং দলের প্রয়োজনে খেলেন তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন মিরাজ। তিনি বলেন, ‘আমি নিজের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নই। সবশেষ বিশ্বকাপের পর আমরা মনে হয় ১৫টার মতো ওয়ানডে খেলেছি এবং ম্যাচগুলোর মাঝে বেশ বিরতিও ছিল। আমার প্রতি সবার যে রকম প্রত্যাশা, আমি অনেক ম্যাচ জেতাব, হয়তো সেটা হচ্ছে না। পারফরম্যান্স এভারেজ হচ্ছে, কিন্তু অবশ্যই চেষ্টা করব যেন দলের জন্য ম্যাচ জেতাতে পারি।’
দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত টাইগার এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবি না। সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে।’
নিজের অলরাউন্ড ভূমিকার গুরুত্বও তুলে ধরেন। মিরাজ বলেন, ‘আমার পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই আমি আমার ভূমিকা রাখার চেষ্টা করছি। আমি যে পজিশনে ব্যাটিং ও বোলিং করি, সেটা দলের জন্য সহায়ক হয়। অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার এবং দলকে একটি ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব।’
ক্যারিয়ারের শুরুতে টপ অর্ডারে খেললেও এখন সাত নম্বরে ব্যাটিং করার পরিকল্পনা করেছেন। মিরাজ জানান, ‘আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে (৮ নম্বরে) খেলেছি, তাই এখানে আমার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এমন অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি, যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, তবে এটা দলের জন্য ভালো হবে। কারণ, টপ অর্ডারেও আমি অনেক ব্যাটিং করেছি, হয়তো রানও পেয়েছি; কিন্তু দল জেতেনি। তাই আমি মনে করি, সাত নম্বর পজিশনটাই আমার জন্য সবচেয়ে ভালো।’