দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সিরিজে নেতৃত্বের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে দুই অধিনায়কের মধ্যে। প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, আর শেষ দুই ম্যাচে দায়িত্ব পালন করবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। প্রায় তিন বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরছেন ল্যাথাম।
চোটের কারণে এই সিরিজে দলে রাখা হয়নি মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, উইল ও’রোর্কে এবং ব্লেয়ার টিকনারকে। প্রথম তিন ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে পারেন ডেভন কনওয়ে। সিরিজের শেষ দুই ম্যাচে গ্লাভস হাতে দেখা যেতে পারে ডেন ক্লেভারকে, যিনি কেন উইলিয়ামসনের কাজিন।
দলে জায়গা পেয়েছেন জেডেন লেনক্সও। গত জানুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ৩১ বছর বয়সী ব্যাটসম্যান এবার টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায়। স্কোয়াডে রয়েছেন বিশ্বকাপে খেলা কোল ম্যাকনকি ও লেগ স্পিনার ইশ সোধানিও।
এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার কাটেনে ক্লার্ক। সুপার স্ম্যাশে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান সুযোগ পেয়েছেন। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বেভন জ্যাকবসের জন্যও এটি বড় সুযোগ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। এবার সুপার স্ম্যাশে টানা পাঁচ ফিফটি করে রেকর্ড গড়া এই ব্যাটসম্যান আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। টপ অর্ডারে সুযোগ পেতে পারেন টিম রবিনসন ও নিক কেলিও।
অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন জিমি নিশাম ও জশ ক্লার্কসন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার ন্যাথান স্মিথ, যদিও এখনো টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়নি। পেস আক্রমণে থাকছেন কাইল জেমিসন ও বেন সিয়ার্সও।
আগামী রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক, প্রথম ৩ ম্যাচ), কাটেনে ক্লার্ক (শেষ ২ ম্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক, শেষ ২ ম্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, প্রথম ৩ ম্যাচ), লকি ফার্গুসন (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাক ফোকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (অধিনায়ক, শেষ ২ ম্যাচ), জেডেন লেনক্স (শেষ ২ ম্যাচ), কোল ম্যাকনকি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধানি।