আসন্ন ফিফা বিশ্বকাপের মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিও বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
ইংল্যান্ডের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে মোট ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে ওয়াকার বলেন, দেশের হয়ে খেলতে পারা তার জন্য সবসময়ই গর্বের বিষয়। ভিডিও বার্তায় তিনি বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। তবে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলার পর এবার নতুন অধ্যায়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন ওয়াকার। ইউরো ২০২০ ও ইউরো ২০২৪; দুই আসরেই রানারআপ হওয়া দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার। অবসরের ঘোষণা দিতে গিয়ে সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়াকার। জাতীয় দলে একসঙ্গে কাটানো সময়গুলো তার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে ওয়াকার বলেন, তাদের সমর্থনই খেলোয়াড়দের দেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করে।