বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে ওঠা অভিযোগের পর অবশেষে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ জমা পড়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।
আজ বুধবার (১১ মার্চ) এনএসসি নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানকে সভাপতি করে গঠিত কমিটিতে আরও রয়েছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট।
এই কমিটি ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো খতিয়ে দেখবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও সংগ্রহ করবে তারা। নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী হয়েছে কি না, সেটিও পর্যালোচনা করবে তদন্ত দল। প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব, সংগঠন বা ব্যক্তিদের কাছ থেকেও ব্যাখ্যা চাইতে পারে কমিটি।
তদন্তের স্বার্থে প্রয়োজনে বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। ভবিষ্যতে বিসিবি নির্বাচনকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সুপারিশ দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে কমিটির কাছ থেকে।
উল্লেখ্য, ২০২৫ সালের বিসিবি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ২০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেন বিদ্রোহী ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা। এর আগে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ঢাকার একদল ক্লাব তদন্তের দাবি জানায়। তাদের দাবি, রাজধানীর ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব এই তদন্তের দাবির পক্ষে রয়েছে।
এ ছাড়া বিভাগীয় কাউন্সিলর ও সাবেক ক্রিকেট সংগঠকরাও কাউন্সিলর মনোনয়ন এবং অ্যাড-হক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন।