বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এ টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়ার পর নিজের পুরস্কারের অর্থের একটি অংশ মাঠকর্মীদের হাতে তুলে দিয়েছেন পঞ্চগড়ের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গতকাল বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রাইজমানি পাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাউন্ডসম্যানদের হাতে দুই লাখ টাকা তুলে দেন তিনি।
শরিফুল জানান, মাঠ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণে যাদের নিরলস পরিশ্রম থাকে, সেই নীরব কর্মীদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছেন। টুর্নামেন্ট চলাকালেই তিনি ঘোষণা দিয়েছিলেন- যদি টুর্নামেন্ট সেরা হন, তবে পুরস্কারের অর্থের একটি অংশ গ্রাউন্ডসম্যানদের দেবেন। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করলেন এই বাঁহাতি পেসার।
বিপিএলের বিভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের পেছনে গ্রাউন্ডসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিচ প্রস্তুত করা, মাঠের মান বজায় রাখা এবং প্রতিকূল আবহাওয়াতেও খেলা চালানোর উপযোগী পরিবেশ তৈরি করতে তাদের দিনরাত পরিশ্রম করতে হয়। শরিফুলের এই উদ্যোগকে অনেকেই মাঠকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন।
গত ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি শেষ হয় বিপিএলের ১২তম আসর। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত বোলিং করে ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন শরিফুল ইসলাম। তার পারফরম্যান্সে চট্টগ্রাম রয়্যালস ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি; ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে যায় দলটি।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকার কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন শরিফুল। এই পুরস্কারের প্রাইজমানি ছিল ১০ লাখ টাকা, যার একটি অংশ তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মাঠকর্মীদের হাতে তুলে দিয়েছেন।