ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছাড়ার পর সরাসরিভাবে মুজারাবানির সঙ্গে চুক্তি করেছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু এর মাঝেই মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পিএসএলের সঙ্গে চুক্তি ভাঙার প্রস্তাবে মুজারাবানি সায় দিয়েছেন।
এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আইনি পথে হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, মুজারাবানির ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভাঙার ঘটনায় পিসিবি কড়া পদক্ষেপ নিতে পারে।
গত বছর পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি ডায়মন্ড ক্যাটাগরি থেকে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে দলে নিয়েছিল। কিন্তু পরে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে তিনি আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বশকে।
ধারণা করা হচ্ছে, রোডেশিয়ান এই ক্রিকেটারকেও একই শাস্তি দিতে পারে পিসিবি। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজারাবানি দুর্দান্ত পারফর্ম করেছিলেন।