মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার ভারতীয় ক্রিকেটে পড়তে শুরু করেছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তেজনা এবং আমেরিকা-ইসরায়েল ইরান সংক্রান্ত সংঘর্ষের কারণে এবারের আইপিএলকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তার ছায়া।
ভারতের এলপিজি গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া কোটি টাকার টুর্নামেন্টে কিছু লজিস্টিকাল সমস্যা দেখা দিতে পারে। স্টেডিয়ামের ফ্লাডলাইট চালানো, হোটেলে অতিথিদের জন্য রান্নার ব্যবস্থা; এসবের জন্য এলপিজি অপরিহার্য। গ্যাস সংকটের কারণে এই সমস্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।
পশ্চিম এশিয়ার আকাশপথে নিষেধাজ্ঞা বিদেশি ক্রিকেটারদের ভারতে আগমনে সমস্যার সৃষ্টি করেছে। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ভারতে ফেরার সময় জটিলতার মুখোমুখি হয়েছে। এছাড়া জ্বালানির দাম বৃদ্ধি দলগুলির ভ্রমণ খরচ বাড়াতে পারে।
আইপিএল বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হোটেল মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি গুরুতর না হলে সূচিতে কোনো পরিবর্তন হবে না। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছি। এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়, তবে প্রয়োজনে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।’