সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে দারুণ জ্বলে উঠলেন তানজিদ হাসান তামিম। তার ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা।
রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা দুর্দান্ত করে স্বাগতিকরা। ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও সাইফ হাসান সাবলীল ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন। তাদের ব্যাটে ভর করেই বিনা উইকেটে দলীয় শতকের ঘর পার করে বাংলাদেশ।
দলীয় ১০৫ রানে প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ৩৬ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তবে অন্য প্রান্তে স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়ে যেতে থাকেন তানজিদ তামিম। তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্ত ২৭ রান করে হারিস রউফের বলে আউট হলে নতুন করে জুটি গড়েন লিটন কুমার দাসের সঙ্গে। দুজন মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে যান নিয়ন্ত্রিতভাবে।
অবশেষে ৩৩তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়েই নিজের শতক পূর্ণ করেন তানজিদ তামিম। ৯৮ বলে করা এই সেঞ্চুরিতে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার। তবে শতকের পর ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে বিদায় নেন এই ওপেনার।
এরপর দলীয় ২৬২ রানে আউট হন লিটন কুমার দাস। ৫১ বলে একটি চার ও একটি ছক্কায় তিনি করেন ৪১ রান। শেষদিকে পঞ্চম নম্বরে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়ে যান তাওহীদ হৃদয়। তার ৪৪ বলে ৪৮ রানের কার্যকর ইনিংসে ভর করেই নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ। সিরিজ জিততে হলে পাকিস্তানকে ২৯১ রান করতে হবে। লেখা পর্যন্ত প্রথম ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৬ রান।