পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে টপকে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই পয়েন্ট বেড়ে হয়েছে ৭৯। অন্যদিকে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের বর্তমান রেটিং পয়েন্ট ৭৭।
সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয় দলটিকে। ফলে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। সেই ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ১১ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। একই সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি নিশ্চিত হয় দলের।
অন্যদিকে সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে পাকিস্তান। তবে তাদের রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে এখন দাঁড়িয়েছে ১০২।
এই র্যাঙ্কিং উন্নতির ফলে আগামী আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে।