বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর দল নির্বাচনের বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। ফলে শেষ ওয়ানডেতেও দলে জায়গা হয়নি ওপেনার সৌম্য সরকারের। আর ঠিক সেই দিনই বাংলাদেশ সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পৃথিবীটা অনেক নিষ্ঠুর।’
আরও লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’
এই পোস্টের পর সৌম্য সরকারকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য খুব ভালো ছন্দে ছিলেন না বলেই তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।
মিরাজ বলেন, সৌম্য আগের সিরিজে ভালো খেললেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে তিনি সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, দলের পরিকল্পনা অনুযায়ী অন্য কম্বিনেশন নিয়ে খেলতে হয়েছে।
তিনি আরও জানান, এই সিরিজে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম–কে সুযোগ দিতে চেয়েছিল। কারণ তানজিদ আগের সিরিজে খেলেনি এবং সৌম্য কিছুটা ছন্দ হারিয়েছিল। তাই এই দুজনকে দিয়েই ওপেনিং করানোর পরিকল্পনা করা হয়।
তবে ভবিষ্যতে সুযোগ পেলে সৌম্য সরকারকে টানা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন মিরাজ। তার মতে, এতে একজন ব্যাটার নিজেকে ভালোভাবে প্রমাণ করার সুযোগ পায়।