বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন এক কৌশলগত সিদ্ধান্তের সময়। আয়ারল্যান্ড সফরের পরিকল্পনা থাকলেও, বাস্তবতা হলো - এই মুহূর্তে ঘরের মাঠেই বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। কারণ, সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে না গিয়ে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি।
২০১৫ সালে স্থগিত হয়ে যাওয়া সেই ভারত সিরিজটিকেই নতুন করে জীবিত করতে চাইছে বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। এরপর শুরু হবে সীমিত ওভারের লড়াই; ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে, আর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ।
এই বড় সিরিজের জায়গা করে দিতেই আয়ারল্যান্ড সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আয়ারল্যান্ডের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ২০২৬ সালের মধ্যে নতুন সময় বের করা সম্ভব হয়নি। ফলে আপাতত সেই সফর স্থগিত।
বিসিবির এক কর্মকর্তা বিষয়টি পরিষ্কার করে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরও বড় হিসাব; ২০২৭ বিশ্বকাপ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। তবে সামনে চ্যালেঞ্জটা আরও কঠিন। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে। আয়ারল্যান্ড সফর না থাকায় এখন ঘরের মাঠের সিরিজগুলোই হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে।
এর সঙ্গে যোগ হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের পরীক্ষা। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ এখন র্যাঙ্কিংয়ের লড়াইয়ের অংশ। তবে ভারত সিরিজ নিয়েও এখনো পুরো নিশ্চয়তা নেই। সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারত সরকারের সবুজ সংকেত পাওয়া বাকি। যদি কোনো কারণে এই সিরিজও স্থগিত হয়ে যায়, তাহলে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ। কারণ নির্ধারিত সময়ের আগে পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ কমে যাবে, যা সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার পথকে আরও কঠিন করে তুলবে।
সবমিলিয়ে, আয়ারল্যান্ড সফর স্থগিত হলেও বাংলাদেশের সামনে এখন বড় মঞ্চ। এখানেই নির্ধারিত হবে, টাইগারদের বিশ্বকাপের পথ কতটা মসৃণ হবে।