ঈদের ছুটির আবহের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হঠাৎ এক পরিবর্তন! পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। বিষয়টি বেশ চমকই তৈরি করেছে ক্রিকেট অঙ্গনে, বিশেষ করে যখন এর আগে তাকে মিডিয়া কমিটির দায়িত্ব থেকেও সরানো হয়েছিল।
গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমজাদ হোসেন। তবে আকস্মিকভাবে তাকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। এরপরই পরিস্থিতি নতুন মোড় নেয়।
সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন আমজাদ। আনুষ্ঠানিকভাবে কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ বিষয় উল্লেখ করলেও, পরবর্তী বক্তব্যে উঠে আসে ভিন্ন ইঙ্গিত।
পদত্যাগের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কারণটি পুরোই আমার ব্যক্তিগত। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ-তে (আছে) পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তোবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।’
তবে সবচেয়ে আলোচনার বিষয়, নিজেকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানেন না তিনি। আমজাদ বলেন, ‘আমাকে তো বলা হয়নি ঠিক কী কারণে (বাদ দেওয়া হয়েছে)। আমাকে বলা হয়েছে এটা বোর্ডের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সেটা আমি মেনে নিয়েছি।’
সব মিলিয়ে, ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও ঘটনার পেছনে বোর্ডের সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের ইঙ্গিত স্পষ্ট। বিসিবির এই পরিবর্তন সামনে আর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।