বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানের জন্মদিন এবার উদযাপিত হলো ভিন্ন এক আবহে, দেশের বাইরে লন্ডনে। বিসিবি পরিচালক আসিফ আকবর নিজ উদ্যোগে কেক কেটে উদযাপন করেন সাকিবের ৩৯তম জন্মদিন।
বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। শুধু তাই নয়, মুহূর্তটিকে আরও আন্তরিক করে তুলতে একে অপরকে কেক খাইয়েও দেন তারা। এ সময় সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ।
তবে এই জন্মদিনের উদযাপনের পেছনে রয়েছে সাম্প্রতিক নানা আলোচনা ও প্রেক্ষাপট। ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিলেন সাকিব। জাতীয় দল থেকেও জায়গা হারান তিনি, যা ভক্তদের মধ্যে তৈরি করে নানা প্রশ্ন।
পরিস্থিতি বদলাতে শুরু করেছে সরকার পরিবর্তনের পর। এখন জোরেশোরেই আলোচনা হচ্ছে, সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়েও নীতিনির্ধারণী মহলে চলছে আলাপ-আলোচনা।
এ বিষয়ে আগেই আশার কথা শুনিয়েছিলেন আসিফ আকবর। গত ৪ মার্চ তিনি বলেছিলেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকলেও খেলে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে জোরকদমে। এমনকি তার নামে থাকা হত্যা মামলাও প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
সবকিছু ঠিক থাকলে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে।