আর মাত্র ৮টি উইকেট, এই ছোট ব্যবধান পেরোতে পারলেই সুনীল নারাইন গড়বেন আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক। চলতি মৌসুমেই ২০০ উইকেট পূর্ণ করার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডারের সামনে। সেই কীর্তি গড়তে পারলে তিনি হয়ে উঠবেন আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক।
এক যুগ আগে গায়ানা থেকে এসে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হয়েছিল নারাইনের। শুরুটা ‘মিস্ট্রি স্পিনার’ হিসেবে হলেও সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। টানা ১৫ মৌসুম ধরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে তিনি আইপিএলের দলবদলের যুগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অভিষেক মৌসুমেই ২৪ উইকেট নিয়ে দলের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারাইন। এরপর নেতৃত্বে একাধিক পরিবর্তন এলেও তার পারফরম্যান্সে কোনো ছন্দপতন হয়নি। গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, এউইন মরগান, শ্রেয়াস আইয়ার হয়ে বর্তমান অধিনায়ক আজিঙ্কা রাহানে; সবার অধীনেই সমানভাবে নিজের প্রভাব রেখেছেন।
এ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৮৯ ম্যাচে ১৯২ উইকেট নিয়েছেন এই ক্যারিবিয়ান স্পিনার। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার এবং ৪ উইকেট নিয়েছেন সাতবার। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১২২ ইনিংসে করেছেন ১৭৮০ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও সাতটি অর্ধশতক।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেবল ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল (২২১ উইকেট)। কাছাকাছি আছেন ভুবনেশ্বর কুমার, ১৯৮ উইকেট নিয়ে।
এক সময় বিদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড ছিল ডোয়াইন ব্রাভোর (১৮৩ উইকেট)। এবারের আসরে তিনি দলের সঙ্গে থাকবেন, তবে খেলোয়াড় হিসেবে নয়, বরং পরামর্শক হিসেবে। ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস-এর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আইপিএল শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। এরপর ২, ৬ ও ৯ এপ্রিল তাদের প্রতিপক্ষ যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।