মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে কন্যা জাইমা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাফুফে প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের উপস্থিতিতে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিকে দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়।
সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ।