২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে আয়োজকরা। সোমবার (৩০ মার্চ) জানানো হয়, সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল। এর আগে লস অ্যাঞ্জেলস এবং ওকলাহোমা সিটির স্থানীয় বাসিন্দাদের জন্য আগাম বিক্রি শুরু হবে ২ এপ্রিল।
আয়োজক সংস্থা ‘এলএ২৮ অর্গানাইজিং কমিটি’-এর প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, যারা টিকিট ড্রয়ের জন্য নিবন্ধন করেছেন, তারা ৩১ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে ই-মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস ও ওকলাহোমা সিটির স্থানীয় নিবন্ধিত বাসিন্দারা ৩১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে তাদের প্রি-সেল সময়সূচির নোটিফিকেশন পাবেন। এরপর ৭ এপ্রিল, বাকি নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিতদের প্রথম ধাপের টিকিট কেনার নির্ধারিত সময় জানানো হবে।
টিকিট মূল্যভিত্তিক শ্রেণিতে বিক্রি করা হবে এবং নির্দিষ্ট আসন বরাদ্দ দেওয়া হবে গেমস শুরুর কাছাকাছি সময়ে।
নির্বাচিত ক্রেতারা অলিম্পিক ইভেন্টের জন্য সর্বোচ্চ ১২টি টিকিট এবং ফুটবল ম্যাচের জন্য অতিরিক্ত ১২টি টিকিট কিনতে পারবেন। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন, যা মোট টিকিট সীমার মধ্যেই গণনা করা হবে।
খবর: শিনহুয়া