জয় দিয়ে নতুন আইপিএল মৌসুম শুরু করলেও ম্যাচ শেষে দুঃসংবাদ পেল পাঞ্জাব কিংস। ম্যাচ জয়ের পর স্লো ওভার-রেটের কারণে শ্রেয়াস আইয়ারকে গুনতে হয়েছে জরিমানা।
নিউ চন্ডিগড়ে মঙ্গলবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ইনিংস শেষ করায় ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে আইয়ারকে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয় তাকে। নিয়ম অনুযায়ী প্রথম ইনিংসের ২০তম ওভার শুরু হওয়ার কথা ছিল ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে। কিন্তু পাঞ্জাব সেই সময়সীমা অতিক্রম করে প্রায় দুই ঘণ্টা সময় নেয়, যার ফলেই শাস্তির মুখে পড়ে দল।
মন্থর গতির কারণে ম্যাচের শেষ ওভারেও ভুগতে হয়েছে পাঞ্জাবকে। নিয়ম ভাঙার শাস্তি হিসেবে ৩০ গজের বৃত্তের বাইরে ৫ জনের বদলে মাত্র ৪ জন ফিল্ডার রাখতে দেয় আম্পায়াররা। এর সঙ্গে ম্যাচে বোলারদের নিয়ন্ত্রণহীনতাও চোখে পড়ে। ১১টি ওয়াইড ও ১টি নো-বল করে তারা।
তবুও ম্যাচের ফল নিজেদের পক্ষেই রাখতে সক্ষম হয় পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। ম্যাচে সবচেয়ে বড় চমক ছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার কুপার কনোলি। আইপিএল অভিষেকেই তিন নম্বরে নেমে ৪৪ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
জয়ে শুরু হলেও শৃঙ্খলার ঘাটতি যে ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে, সেটারই ইঙ্গিত দিল এই ম্যাচ।